শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
- Update Time : 01:18:27 pm, Tuesday, 15 September 2026
- / 3 Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা সদস্যের পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং এই দুর্ঘটনার বিয়োগান্ত ঘটনায় তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহীদ দুই সেনা পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন।
এই সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। এই দূর্ঘটনায় গুরুতর আহত হন এক সেনা কর্মকর্তা যিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলেন।
দুই নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যরা হলেন, সৈনিক শহীদ আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার এবং সৈনিক শহীদ মো. তাসনিম রিফায়াতের স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
উপ প্রেস সচিব বলেন, শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।
সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।
উপ প্রেস সচিব জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও আশ্বাস দেয়া হয়েছে।

