অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
- Update Time : 01:31:13 pm, Tuesday, 15 September 2026
- / 11 Time View
সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল ও বিতরণ করা সরকারি জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল বলেন, ফ্যাসিবাদী সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছিল। সে সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বিভিন্ন জমি অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ বা বিতরণ করা হয়েছিল। এসব জমির বরাদ্দ ও দখলের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
অনিয়ম বা অবৈধতার প্রমাণ পাওয়া গেলে জমি পুনরুদ্ধার করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করছে। বরিশালেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।



