মসজিদে পিস্তল-গুলি পেয়ে থানায় জমা দিলেন মুয়াজ্জিন
- Update Time : 12:35:52 pm, Saturday, 12 September 2026
- / 24 Time View
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।
পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
















