কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি!
- Update Time : 02:19:03 pm, Wednesday, 9 September 2026
- / 4 Time View
কানাডায় অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় পাঞ্জাবি সঙ্গীতশিল্পী এমি ভির্ক। তাঁর কনসার্ট সফরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে গায়কের পরিবার জানিয়েছে, এমি নিরাপদে আছেন।
ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি সড়কে। অভিযোগ, একটি কালো রঙের এসইউভি থেকে চলন্ত একটি গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল থেকে একটি এসইউভি আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, গুলিকাণ্ডের সঙ্গে ওই গাড়িটির যোগসূত্র থাকতে পারে।
ঘটনার পর খবর ছড়িয়ে পড়ে, এমি ভির্ককে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এমনকি যে গাড়িতে গুলি করা হয়েছিল, সেখানে গায়ক নিজেও ছিলেন বলে দাবি করা হয়।
তবে এমির পরিবার সেই দাবি সরাসরি নাকচ করেছে।
গায়কের বাবা কুলজিৎ সিং পটিয়ালার লোহার মাজরা গ্রাম থেকে জানিয়েছেন, তাঁর ছেলে সম্পূর্ণ নিরাপদে আছেন। এমির সঙ্গে কারো কোনো বিরোধ নেই বলেও দাবি করেছেন তিনি।
তাঁর ভাষ্য, গুলি চালানো হয়েছিল কেবল কনসার্টের আয়োজকের গাড়িকে লক্ষ্য করে।
এদিকে পুলিশ জানিয়েছে, গুলির ঘটনা সত্যি এবং এতে কেউ আহত হননি।
তবে গাড়িটিতে কারা ছিলেন কিংবা এমি ভির্ক সেই গাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। গোপনীয়তা সংক্রান্ত নিয়মের কারণে তদন্তের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।
ফলে এই গুলিকাণ্ডে এমি ভির্ক আদৌ হামলাকারীদের নিশানায় ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।