৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে
- Update Time : 12:36:40 pm, Tuesday, 8 September 2026
- / 1 Time View
আগামী ৫ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তরিত করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
কামরাঙ্গীরচরের নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পৃথিবীর বহু শহর একসময় ময়লা-আবর্জনায় বিপর্যস্ত হলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের সূচনা প্রতিকূল পরিবেশে হলেও সবার সহযোগিতা ও সঠিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।
কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি আরো বলেন, তোমরা সবাই এক একটি ফুটন্ত ফুল।
তোমাদের মেধা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে। নিজেদের সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চারপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমাদের নিতে হবে।
অনুষ্ঠানে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন