প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে
- Update Time : 10:44:26 am, Monday, 7 September 2026
- / 1 Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং রাজধানীর কেআইবি অডিটরিয়ামে বিএনপির আলোচনাসভা বানচালের চেষ্টার অভিযোগে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আসামি মো. মহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চান তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান।
এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. রবিউল আলম জুয়েলসহ অনেকে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ায় কেআইবি অডিটরিয়ামের সামনে থেকে মুবিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সেখানে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।
অভিযোগ রয়েছে, মুবিন অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আলোচনাসভা বানচালের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
তবে তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের সময় মুবিনের কাছ থেকে একটি Yamaha FZS-150 CC মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি Oppo মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তেজগাঁও থানায় দায়ের করা হয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মুবিনের সঙ্গে থাকা পলাতক সহযোগীদের পরিচয়, নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা, তিনি কার নির্দেশে বা প্ররোচনায় ঘটনাস্থলে গিয়েছিলেন তা উদ্ঘাটন করা এবং ঘটনার আগে ও পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ ছাড়া উদ্ধার হওয়া দুটি পাসপোর্টের মালিকানা ও ব্যবহারের কারণ, মোটরসাইকেলটি কোথা থেকে ঘটনাস্থলে আনা হয়েছিল এবং ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের স্বার্থে যাচাই করা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।