ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর
- Update Time : 12:59:04 pm, Thursday, 3 September 2026
- / 15 Time View
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে ‘নাশকতার’ গোপন তথ্য রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন।
এ জন্য ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে, অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে সাব্যোটাজ (নাশকতা) করবার জন্য একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।’
তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য গ্রহণের পর আসামির নিরাপত্তা নিয়ে কথা হয়। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এদিন হাতকড়া, ভেস্ট এবং হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সাক্ষ্যগ্রহণের পর এ নিয়ে ট্রাইব্যুনালের কাছে কিছু বলতে চান জিয়াউল আহসান।
ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি জানান, সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি কোমর ও ঘাড়ে ব্যথা পান।
ইদানীং কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় তাকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরানো হচ্ছে। তিনি এর থেকে অব্যাহতি চান।
ট্রাইব্যুনাল তখন এ নিয়ে প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় নিরাপত্তাজনিত কারণে তাকে এভাবে আনা হচ্ছে।’
তখন ট্রাইব্যুনাল জিয়াউলের বলেন, প্রসিকিউশন বলছে আপনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থেই এ ব্যবস্থা। জবাবে জিয়াউল বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব মাত্র পাঁচ গজ।
এ ছাড়া গাড়ি থেকে নামানোর সময় ২০ জন পুলিশ সদস্য থাকেন।
এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, পাঁচ গজ নয়, এক গজ থেকেও কেউ চাইলে স্নাইপারে টার্গেট করতে পারেন। জিয়াউল জবাব দেন, ‘এখানে টার্গেট নেওয়ার কোনো দিক নেই। ট্রাইব্যুনালে অনেক বেশি নিরাপত্তা। চাইলেই কেউ টার্গেট করতে পারবে না। অতএব আমি এ থেকে অব্যাহতি চাই।’
পরে হাতকড়া ও ভেস্ট থেকে অব্যাহতির জন্য জিয়াউল আহসানকে একটি আবেদন করার পরামর্শ দেন ট্রাইব্যুনালের এক বিচারক। পরে জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার শিগগিরই আবেদন করা হবে বলে জানান।

