গুগলের গোপন এআই চিপ প্রযুক্তি চুরি, সাবেক প্রকৌশলীর কারাদণ্ড
- Update Time : 02:15:13 pm, Wednesday, 2 September 2026
- / 18 Time View
গুগলের গোপন এআই প্রযুক্তি চীনা প্রতিষ্ঠানের কাছে পাচারের অভিযোগে সাবেক সফটওয়্যার প্রকৌশলী লিনওয়েই ডিংকে প্রায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
আদালতের রায়ে ডিংকে ১২ মাসের এক দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাভোগের পর আরো দুই বছর তিনি আদালতের তত্ত্বাবধানে থাকবেন। পাশাপাশি তাকে ১ লাখ ৮৯ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ এবং ২৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
লিনওয়েই ডিং, যিনি লিওন ডিং নামেও পরিচিত, ২০১৯ সালে গুগলে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন।
তাঁর দায়িত্বের কারণে গুগলের এআই অবকাঠামো ও বড় এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার-সফটওয়্যার সম্পর্কে গোপন তথ্য জানার সুযোগ ছিল তার।
আদালতের তথ্য অনুযায়ী, ডিং গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (TPU) ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU)-সংক্রান্ত গোপন তথ্য চীনা প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেন।
তিনি ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত নিজের ব্যক্তিগত গুগল ক্লাউড অ্যাকাউন্টে গুগলের গোপন নথি স্থানান্তর করেন। এক পর্যায়ে ৫০০টির বেশি গোপন ফাইল আপলোড করার অভিযোগ ওঠে।
পরে তদন্তে ১ হাজারের বেশি আলাদা ফাইল এবং ২ হাজারের বেশি পৃষ্ঠার গোপন তথ্যের বিষয় সামনে আসে।
এসব নথিতে এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত গুগলের কম্পিউটিং অবকাঠামো, চিপগুলোর মধ্যে যোগাযোগের সফটওয়্যার এবং হাজার হাজার চিপকে একসঙ্গে পরিচালনা করে সুপারকম্পিউটার তৈরির প্রযুক্তির তথ্য ছিল।
এ ছাড়া গুগলের নিজস্ব স্মার্টনিক (SmartNIC) প্রযুক্তির তথ্যও ছিল বলে আদালতে জানানো হয়।
প্রসিকিউটরদের দাবি, গুগলে চাকরি করার সময়ই ডিং চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ২০২২ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি তাকে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হওয়ার প্রস্তাব দেয়।
এরপর ২০২৩ সালে তিনি চীনে ঝিসুয়ান (Zhisuan) নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল বড় এআই মডেল প্রশিক্ষণের জন্য কম্পিউটিং অবকাঠামো তৈরি করা।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মনে করে, গুগলের কাছ থেকে নেওয়া প্রযুক্তি এই কাজে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল।
২০২৪ সালের জানুয়ারিতে ১১ দিনের বিচার শেষে জুরি ডিংকে বাণিজ্যিক গোপন তথ্য চুরির সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির সাতটি অভিযোগ পরে বিচারক বাতিল করেন।
বিচারক ভিন্স চ্যাবরিয়া ডিংয়ের কর্মকাণ্ডকে গুগলের সম্পদ চুরির একটি ‘পরিকল্পিত ও বেপরোয়া প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন।
ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। উন্নত এআই চিপে চীনের প্রবেশ সীমিত করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। ফলে চীনা প্রতিষ্ঠানগুলো নিজেদের এআই চিপ ও প্রযুক্তি তৈরিতে আরও জোর দিচ্ছে।


