বাংলাদেশ সফরে আসছেন নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী
- Update Time : 02:37:23 pm, Thursday, 8 October 2026
- / 5 Time View
নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়কমন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা শিগগির বাংলাদেশ সফরে আসছেন। তার আসন্ন সফর নিয়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অবহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল তাকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির।
বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্প উন্নয়ন, পানি ও কৃষি খাতে দেশটির সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
এ সময় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, অভিবাসন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও খেলাধুলা এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।
রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের গুরুত্বও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার নেদারল্যান্ডসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই পক্ষই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতা আরো বাড়ানোর গুরুত্ব তুলে ধরে।









