নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
- Update Time : 02:49:55 pm, Thursday, 8 October 2026
- / 3 Time View
পুলিশের নবীন কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। নবীন কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসাডর হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে হবে।
দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সেবা দিতে হবে।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









