মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
- Update Time : 01:48:54 pm, Sunday, 27 September 2026
- / 4 Time View
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময়সভায় এ নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি সেবায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









