নারী কণ্ঠে ‘আকামা নবায়ন’ ফাঁদে ফেলতেন তারা
- Update Time : 12:23:46 pm, Friday, 11 September 2026
- / 3 Time View
নারী কণ্ঠে কথা বলে বিশ্বাস অর্জন, এর পর ইমো-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রবাসীর পরিচয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. কাউসার আলী (২০), মো. সোহাগ আলী (২৩), এবং মো. ইমন আলী (১৯)। তারা সবাই মোহরকয়া (ভাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি প্রথমে নারী কণ্ঠে কল দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে কৌশলে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে নিয়ন্ত্রণে নিত। এরপর তারা প্রবাসী বন্ধুর পরিচয়ে ভুক্তভোগীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের কাছে ফোন করে বলত, ‘আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, ১ লাখ ২০ হাজার টাকা দিলে তা নবায়ন করা যাবে’। এভাবে তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাতেন তারা।
আটকরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘প্রতারক চক্রটি অত্যন্ত কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করে আসছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরো সতর্ক থাকতে হবে। অপরিচিত কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য বা কোড শেয়ার করা থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কল বা বার্তা পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান জানাই