অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ
- Update Time : 04:58:29 pm, Monday, 7 September 2026
- / 4 Time View
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইন কর্মকর্তারা হলেন—অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
আবদুল জব্বার ভূঞা কালের কণ্ঠকে বলেন, ‘কোনো চাপে নয়, বয়স এবং ব্যক্তিগত কিছু কারণে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আইন পেশায় স্বাধীনভাবে কাজ করব।’
ব্যক্তিগত কারণে পদত্যাগের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সুলতানা আকতার রুবিও।
২০২৪ সালের ১৩ আগস্ট মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে দাবি করে আসছেন বিএনপিপন্থী একদল আইনজীবী।
তাঁরা নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এই আন্দোলনের মধ্যে গত ৩ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহফুজুর রহমান। এরপর গত ১৬ আগস্ট একই পদ থেকে মো. নুরুল করিমও পদত্যাগ করেন।
