হুইপ বকুলের কণ্ঠ নকল করে এআই প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
- Update Time : 01:06:18 am, Saturday, 5 September 2026
- / 4 Time View
জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে হুবহু ক্লোন বা নকল করে আর্থিক প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষ সতর্কবার্তা ও আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসৎ চক্র +১(৯২৯)২২৩-৩৪২৭ নম্বরটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠস্বর হুবহু নকল করছে। এরপর উক্ত নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের দাবি জানানো হচ্ছে। হুইপ রকিবুল ইসলাম বকুল স্পষ্ট করে জানিয়েছেন, ওই মার্কিন (+১) নম্বরটির সঙ্গে তাঁর কোনোপ্রকার সম্পৃক্ততা নেই।
কোনো ধরনের বিভ্রান্তিকর ফোনকল বা আর্থিক লেনদেনের ফাঁদে না পাড়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত অফিশিয়াল যোগাযোগ নম্বর নিশ্চিত করা হয়েছে।
জানানো হয়, +৪৪৭৭৭৪২৬১২৯০ এবং +৪৪৭৯৩২৯১০৬৬৩—এই দুটি আন্তর্জাতিক নম্বর এবং সরকারি ০১৩০৯ ২৪২৮৬৪ নম্বর ব্যতীত তাঁর আর কোনো নম্বর নেই।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রযুক্তিভিত্তিক এ জালিয়াতি ও প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধে ইতোমধ্যে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।