ঢাবিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে চায় চীন, উপাচার্যের আশ্বাস
- Update Time : 10:53:51 am, Tuesday, 17 November 2026
- / 8 Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং একই দূতাবাসের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। সাক্ষাৎকালে ঢাবিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন প্রতিনিধিরা।
এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।
বৈঠকে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে আগ্রহী।
এ বিষয়ে তিনি উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনগুলোতে উভয় দেশের মধ্যকার এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।













