শাস্তির বিধান থাকলেও কুবিতে বাড়ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা
- Update Time : 01:54:52 pm, Thursday, 12 November 2026
- / 1 Time View
পরীক্ষার হলে ছোট কাগজে লিখে নেওয়া উত্তর কিংবা দেয়াল-টেবিলে রাখা নোট—নকলের এমন প্রচলিত পদ্ধতির সঙ্গে এখন যুক্ত হয়েছে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। চ্যাটজিপিটি, জিমিনি কিংবা ক্লাউডের মতো এআই টুল ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগও উঠছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।
পরীক্ষায় নকলের দায়ে সেমিস্টার ও কোর্স বাতিল, মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ হারানোসহ বিভিন্ন শাস্তির বিধান থাকলেও শিক্ষার্থীদের মধ্যে থামছে না এ প্রবণতা। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, শুধু ২০২৫ ও ২০২৬ সালেই পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছেন ৩৭ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরসহ গত পাঁচ বছরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ের অভিযুক্ত হয়েছেন মোট ৪৯ জন। এর মধ্যে ২০২২ সালে তিনজন, ২০২৩ সালে পাঁচজন, ২০২৪ সালে চারজন, ২০২৫ সালে ২৮ জন এবং ২০২৬ সালে ৯ জন শিক্ষার্থী অসদুপায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
তবে এরমধ্যে ৪৫ জন শিক্ষার্থী বিভিন্ন মাত্রায় শাস্তির মুখোমুখি হয়েছেন। বাকি চারজনের অভিযোগ অমীমাংসিত অবস্থায় রয়েছে এখনো। শৃঙ্খলা কমিটির আগামী সভায় সেগুলোর নিষ্পত্তি করা হবে বলে জানা গেছে।
আবার উপর্যুক্ত পরিসংখ্যানে সবচেয়ে বেশি অসদুপায় অবলম্বনের প্রবণতা দেখা গিয়েছে ২০২৫ ও ২০২৬ সালে।
যেখানে এই দুই বছরেই অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৭ জন। তন্মধ্যে সর্বোচ্চ ১২ জন রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের। তাছাড়া ইংরেজি, ফার্মেসী ও আইসিটি বিভাগের চারজন করে, প্রত্নতত্ত্ব বিভাগের তিনজন এবং অর্থনীতি বিভাগের দুজন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া মার্কেটিং, গণিত, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, নৃবিজ্ঞান, বাংলা, আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন করে শিক্ষার্থী শাস্তির মুখোমুখি হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নথিতে উঠে এসেছে পরীক্ষায় অসদুপায়ের বিভিন্ন ধরন।
এর মধ্যে রয়েছে মোবাইল ফোন ব্যবহার করে নকল, এআই টুলের সাহায্যে উত্তর সংগ্রহ, দেয়াল বা টেবিলে লিখে রাখা, ছোট কাগজে নোট নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া। শুধু পরীক্ষার হলেই নয়, ইন্টার্নশিপের জাল নথি জমা দেওয়ার অভিযোগও রয়েছে। অর্থাৎ অসদুপায়ের ঘটনা এখন আর প্রচলিত নকলের পদ্ধতিতে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তি ও নথি জালিয়াতির মতো বিষয়ও।
পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে নকল করা, অননুমোদিত কাগজপত্র রাখা, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অসদুপায় অবলম্বন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা গুরুতর অপরাধ। এ ছাড়া উত্তরপত্র অদলবদল এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অসদুপায়ে প্রভাবিত করা, হুমকি দেওয়া কিংবা আক্রমণ করাও কঠোর শাস্তিযোগ্য অপরাধ।
এসব অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির অনুমোদনে ১৬ সদস্যের একটি কমিটি রয়েছে। উপাচার্যকে সভাপতি করে গঠিত এ কমিটিতে ছয়টি অনুষদের ডিন, উপাচার্য মনোনীত তিনজন শিক্ষক, দুজন বিভাগীয় প্রধান, দুজন হল প্রাধ্যক্ষ, একজন প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন। প্রতি তিন মাস অন্তর কমিটির সভায় প্রাপ্ত অভিযোগের নিষ্পত্তি করা হয়।
অসদুপায়ের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের শাস্তির বিধান। এর মধ্যে সব পরীক্ষা ও কোর্সসহ সেমিস্টার বাতিল, বাতিল হওয়া কোর্স পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় সম্পন্ন করা এবং মানোন্নয়ন পরীক্ষা বাতিলের মতো ব্যবস্থাও রয়েছে। তবে এসব শাস্তিমূলক পদক্ষেপের পরও অসদুপায়ের প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার মনে করেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি অসদুপায়ের অন্যতম কারণ। তার মতে, সমস্যাটির সমাধান করতে হলে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই কাজ শুরু করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবার থেকেও তা নিশ্চিত করা প্রয়োজন। তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে শিক্ষার্থীরা অনৈতিক পথ বেছে নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকবে।
বিভাগীয় পর্যায়ে অসদুপায় প্রতিরোধে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের নকল থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক সজল চন্দ্র মজুমদার।
অসদুপায় প্রতিরোধে গঠিত কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘অপরাধপ্রবণতা স্বাভাবিক হলেও তা রোধে আমাদের সুনির্দিষ্ট আইন রয়েছে। মূল উদ্দেশ্য অপরাধীকে একঘরে করা নয়, বরং সংশোধনের সুযোগ দিয়ে অপরাধ থেকে দূরে রাখা; আর সে লক্ষ্যেই আইন প্রণয়ন করা হচ্ছে।’
শিক্ষার্থীদের নকলের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা কেন পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে নকলের পথ বেছে নেয়, তা সত্যিই বোধগম্য নয়। একটি নকল বা অসদুপায় প্রস্তুত করতে যে সময় ও শ্রম নষ্ট হয়, সেই সময়টুকু যদি তারা পড়াশোনায় দিত, তবে এর চেয়ে অনেক ভালো ফল বা আউটপুট বের করে আনতে পারত।’
অসদুপায় প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের দায়িত্বের কথা উল্লেখ করে মো. হারুন বলেন, ‘অসদুপায় বা নকল বন্ধ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সমানভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা যদি তাদের শিক্ষাদানে আরো বেশি যত্নশীল ও আন্তরিক হন এবং ছাত্রদের মধ্যে যদি শেখার আসল আগ্রহ থাকে, তবে তারা কখনোই এই ধরনের ভুল পথের আশ্রয় নেবে না।’
এদিকে, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নীতিমালা ও কমিটি থাকার পরও অসদুপায়ের প্রবণতা কেন বাড়ছে, এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা অসদুপায়ে যাক। আর আমরা বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে তার বাইরেও যেতে পারি না। তবে আমরা শৃঙ্খলা কমিটি থেকে তথ্য নেব, যদি এর প্রবণতা দিন দিন বৃদ্ধি পায় তবে বিধিতে যথাযথ পরিবর্তন এনে এটি রোধ করার চেষ্টা করব। ভবিষ্যতে অপরাধের মাত্রাকে সুনির্দিষ্ট করে আরো কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’






