বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী
- Update Time : 01:09:45 pm, Thursday, 12 November 2026
- / 6 Time View
বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, এ অঞ্চলের সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বিশ্ববিদ্যালয়টিতে এ বিষয় চালুর অনুরোধ করা হয়েছিল।
বিষয়টি তদারকির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আতিকুর রহমান রুমন এসব কথা বলেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, বগুড়ার সঙ্গে সাংবাদিকতা শিল্পের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালু হওয়া প্রয়োজন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন। এখন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি দেখবেন।
বগুড়া প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী ১৭ বছর ভবনটির তেমন কোনো কাজ না হলেও সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেছেন।
বগুড়ার সামগ্রিক উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজনকে মরণোত্তর সম্মাননাসহ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।






