ডিমের দাম আবার বাড়ছে, মুরগি ও শীতকালীন সবজিতে স্বস্তি
- Update Time : 06:33:04 am, Friday, 30 October 2026
- / 22 Time View
বাজারে ১৬০ টাকা ডজনের ডিমের দাম সপ্তাহের শুরুতে কমে ১৪০ টাকায় নেমেছিল, যা এখন আবার বেড়ে ১৫০ টাকা হয়েছে। তবে গত সপ্তাহে মুরগির দাম বাড়ার যে প্রবণতা ছিল, এখন আর সেটা নেই। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন দেখা গেছে।বাজারে সবজির দামে রয়েছে মিশ্র প্রবণতা। গ্রীষ্মকালীন কিছু সবজির দাম চড়া হলেও শীতকালীন নতুন সবজির দাম অন্যান্য বছরের একই সময়ের তুলনায় কম। নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৫০-৬০ টাকা ও শিম ৮০ থেকে ১২০ টাকায় কেনা যাচ্ছে।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা বলেন, মাত্র কয়েক সপ্তাহ সিম-মুলা বাজারে এসেছে। তারপরও নতুন সবজির দাম তুলনামূলক অনেক কম। গত বছর এসময়ে এসব সবজি অনেক বেশি দামে কিনতে হয়েছে।গ্রীষ্মকালীন সবজিগুলো এখন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ দামের মধ্যে মিলছে ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়স। তবে করলা ও বেগুনের দাম এখনো কিছুটা বেশি। বাজারে এ দুই সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে, বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ দাম গত সপ্তাহে কেজিতে আরও প্রায় ২০ টাকা বেশি ছিল। একই ভাবে দাম কমে সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় এসেছে, যা গত সপ্তাহে ৩৫০ থেকে ৩৬০ টাকায় উঠেছিল। ডিম বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহে টানা ছুটির সময় ডিমের দাম কমে প্রতি ডজন ১৪০ টাকার নেমেছিল, যা এখন আবার ১০ টাকা বেড়ে ১৫০ টাকায় উঠেছে। প্রতিদিনই ডিমের বাজারে দাম ওঠানামা করছে।বাজারে এখনো বোতলজাত সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকট কাটেনি। বিশেষ করে, কয়েক দোকান ঘুরে কিনতে হচ্ছে তেল। বোতলের গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য (এমআরপি) লিটারপ্রতি ২০৪ টাকা নির্ধারণ করা থাকলেও সেটি বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানি তাদের দোকানে তেল সরবরাহ করছে না এবং তাদের মুনাফা কমিয়ে দিয়েছে। যে কারণে তারা নিজ খরচে বিভিন্ন পাইকারি বাজার থেকে তেল সংগ্রহ করে বিক্রি করছেন। এতে দাম কিছুটা বেশি পড়ছে।
এসকাগজ/আরডি












