ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
- Update Time : 10:26:29 am, Wednesday, 28 October 2026
- / 11 Time View
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হবে।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একই ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও এই ব্যবস্থা রাখা হয়েছিল। এর ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবি, এসআরপি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের বডি ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ এবং সেসব অভিযোগের ভিত্তিতে আন্দোলনের প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা প্রশ্ন করলে ইসি সচিব বলেন, কোনো অভিযোগকেই ছোট করে দেখার পক্ষপাতী নই। তবে আমরা আগামীকালকেই প্রমাণ পাব যে কোনটা ঠিক আর কোনটা ত্রুটিপূর্ণ ছিল। সুতরাং কাল পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে।











