ইসরায়েলি নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রশংসায় ট্রাম্প
- Update Time : 09:19:13 am, Tuesday, 27 October 2026
- / 16 Time View
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু ভালো কাজ করেছেন।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, আইওয়ার অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহু তার সমর্থন চেয়েছেন বলে যে ধারণা রয়েছে, তা নাকচ করেন তিনি। তবে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প।
নেতানিয়াহুর প্রতি তার সমর্থন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে খুব ভালো কাজ করেছেন।
’ ইসরায়েলে মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দেশজুড়ে এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ৭৩ লাখ ৩৬ হাজার ৫৫৩ জন নাগরিক।
ভোটারদের জন্য সারা দেশে ১২ হাজার ১৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে সহজে প্রবেশ করা যায় এমন কেন্দ্র রয়েছে ৬ হাজার ২০৯টি।
বিশেষ সুবিধাসম্পন্ন ভোটারদের জন্য নির্ধারিত কেন্দ্র রয়েছে ৩ হাজার ৬২১টি।
পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যে এ নির্বাচন হচ্ছে। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষও দেশটির ওপর চাপ বাড়িয়েছে। নেতানিয়াহুর নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বক্তব্য হলো, ইরানের হুমকি মোকাবিলার সক্ষমতা তারই রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনও তার প্রচারে গুরুত্ব পাচ্ছে।
নেতানিয়াহুর জোটে রয়েছে তার নিজের দল লিকুদ পার্টি। এ ছাড়া জোটে রয়েছে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বসতি স্থাপনপন্থী দল রিলিজিয়াস জায়োনিজম এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কট্টর ডানপন্থী দল জুইশ পাওয়ার।
ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তা মেজর এরিয়েল আভারবুখের মতে, এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা, অতি-ধর্মীয় ইহুদিদের বাধ্যতামূলক সামরিক যোগদান এবং যুদ্ধের পর কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে অনিশ্চয়তা।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আভারবুখ বলেন, চলমান সংঘাতের কারণে ইসরায়েলের নাগরিকদের কাছে নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। পাশাপাশি অতি-ধর্মীয় ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান নিয়েও ব্যাপক আলোচনা চলছে।
তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি। এ কারণে অনেক নাগরিক দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সবার আগে রয়েছে ইসরায়েলের মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। দ্বিতীয়ত, অনেকেই অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান নিয়ে আলোচনা করছেন। তৃতীয়ত, এরপর পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়েও অনেকের উদ্বেগ রয়েছে।’
আভারবুখের মতে, এসব বিষয় নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দুই পক্ষ প্রায় সমান ভোট পেতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় নির্বাচন হতে পারে এবং নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারেন বলে তিনি মনে করেন।
















