নাইক্ষ্যংছড়িতে দুই বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
- Update Time : 08:34:11 am, Thursday, 15 October 2026
- / 4 Time View
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত দুটি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। তবে এসব মাদকের কোনো মালিককে শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১১ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) আদর্শগ্রাম চেকপোস্টের কাছাকাছি একটি স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধার করা মাদকের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়।
এ সময় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তা পরীক্ষা করা হলে সেখান থেকে মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে এসব মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচারের অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









