চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন
- Update Time : 08:47:49 am, Thursday, 15 October 2026
- / 2 Time View
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির, অস্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব দূর করতে চালু হলো আধুনিক অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে স্বাস্থ্য ক্যাডারের ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে এই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ ছাড়া ৫ বছরের বেশি বয়সীদের হামের টিকার আওতায় আনার বিষয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের চাকরির মেয়াদ, ডিগ্রি, নিজ বাড়ি এবং ব্যক্তিগত চয়েসের ওপর ভিত্তি করে তৈরি ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা বদলি বাণিজ্য ও তদবির সংস্কৃতির অবসান ঘটবে।
এ সময় তিনি অন্য বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমে এসেছে বলেও জানান।









