সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক
- Update Time : 10:14:33 am, Tuesday, 13 October 2026
- / 3 Time View
বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে নেতৃত্ব দেওয়া তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া তিন কূটনীতিক হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ভিয়েতনাম ও মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের হেগ, দিল্লি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
অন্যদিকে, নওরীন আহসান এর আগে প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।











