সৌদি আরবগামী যাত্রী ও সব এয়ারলাইনসের জন্য জরুরি বার্তা বেবিচকের
- Update Time : 11:26:39 am, Tuesday, 13 October 2026
- / 1 Time View
সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী বা ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এয়ারলাইনসগুলোকে অবিলম্বে এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের তথ্য প্রভাবিত যাত্রীদের জানাতে হবে। ফ্লাইট নিশ্চিতকরণ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিতে বলা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, ভিসা মেয়াদ বৃদ্ধি বা অন্যান্য ইমিগ্রেশন সহায়তার প্রয়োজন হলে এয়ারলাইনসগুলোকে ঢাকার সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি নোটিশ না পাওয়া বা পরিস্থিতির বিষয়ে অবগত না থাকায় বিমানবন্দরে উপস্থিত হওয়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের বসার ব্যবস্থা, পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এক্ষেত্রে প্রবীণ, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি এয়ারলাইনসকে জরুরি ভিত্তিতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও প্রয়োজনীয় সহায়াকারী কর্মী নিযুক্ত করে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব এয়ারলাইনসকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাত্রীদের নিরাপত্তা, কল্যাণ ও যোগাযোগ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে বেবিচক।











