৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল
- Update Time : 08:41:24 am, Sunday, 11 October 2026
- / 4 Time View
আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ জানাতে ২০২৬ সালের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল এসেছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে এসব কল করা হয়।
সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে হেল্পলাইনে ৭৭৪টি কল আসে। এর মধ্যে আইনি পরামর্শ চেয়ে ১১১টি এবং মামলা-সংক্রান্ত তথ্য জানতে ১৮৪টি কল করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে এসব তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া গত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি।
সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব ও অসদাচরণের বিষয়ে ২০টি অভিযোগ আসে। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের কপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া ও মামলা দ্রুত নিষ্পত্তি-সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সেপ্টেম্বরে ৭৯টি কল আসে। এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় অভিযোগকারীদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ১০৩ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।









