বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা, ভারত সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩
- Update Time : 02:01:23 pm, Saturday, 10 October 2026
- / 4 Time View
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ফিরিয়ে আনার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেল ৪টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০), খালিয়াজুড়ি উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০) এবং দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের সিলভার সাংমা।
৩১ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর গ্রাম থেকে প্রান্ত সরকার ও নিউটন সরকারকে আটক করা হয়।
তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিজিবি জানতে পারে, প্রায় দুই মাস আগে মানবপাচারকারী সিলভার সাংমার মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। ভারতে যাওয়ার জন্য তারা সিলভার সাংমাকে ৬ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সিলভার সাংমা ওই দুই বাংলাদেশি নাগরিককে ৬ হাজার ৫০০ টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় বিজিবি তাদের আটক করে।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী আরো জানান, আটক তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ৬ জুন মানবপাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে মামলা দায়েরের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছিল। এরপরও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি আবার আটক হয়েছেন।









