ধর্ম যার যার, বাংলাদেশ সবার : হুইপ দুলু
- Update Time : 12:39:07 pm, Saturday, 10 October 2026
- / 9 Time View
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু—আমরা সবাই বাংলাদেশি।
আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি। বাংলাদেশ হচ্ছে আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।’
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে নিজের ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন হুইপ দুলু।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাটোরে ৩৫টি এবং রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। তাঁর মতে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পূজা উদ্যাপনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি ইতিবাচক।
দুলু আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















