কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
- Update Time : 06:28:06 am, Sunday, 11 October 2026
- / 2 Time View
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশে চারজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছেন অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বাধার মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে। ঠেলে দেওয়ার চেষ্টা করা চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি জানায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।
এক পর্যায়ে বিজিবির বাধার মুখে তাদের পুশ ইনে ব্যর্থ হয়ে ওই চারজনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘আজ সকালে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।’
বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়।
বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই চারজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।’









