শহীদ আবু সাঈদের বাড়ি-কবরস্থান উন্নয়নে কোটি টাকা ছাড়
- Update Time : 01:26:01 pm, Tuesday, 6 October 2026
- / 5 Time View
জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বাড়িঘর ও কবরস্থান উন্নয়নে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঘোষণার ৫ দিনের মধ্যেই ১ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার বাবা-মায়ের খোঁজখবর নেওয়ার সময় প্রধানমন্ত্রীর পক্ষে এ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী।
সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা থেকে রংপুর জেলা পরিষদের অনুকূলে অর্থ অবমুক্তির চিঠি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সই করা ওই চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অর্থ ছাড়পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের অর্থ অবমুক্তির চিঠি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের জন্য মোট ১০৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘরবাড়ি ও কবরস্থান উন্নয়নে ১০০ লাখ বা ১ কোটি টাকা রাখা হয়েছে।
বাকি ৯ লাখ টাকার মধ্যে পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
ছাড়পত্রে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে জেলা পরিষদের এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২সহ প্রচলিত আর্থিক ও প্রশাসনিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না।
ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শহীদ আবু সাঈদের পরিবার। তবে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার বাড়িঘর ও কবরস্থানসহ নির্ধারিত উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবারটি।









