পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই : পানিসম্পদমন্ত্রী
- Update Time : 02:17:35 pm, Friday, 2 October 2026
- / 3 Time View
পালিয়ে যাওয়া সংগঠনের (আওয়ামী লীগ) সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ২০২৪-এর ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে।
তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদেরকে চিন্তা করতে হবে, যে বিএনপি সরকারি দল, ৬ মাসে সব কাজ করা সম্ভব না। তাহলে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লং মার্চ ও রোডমার্চ করবে, এটা কি মানানসই?
তিনি আরো বলেন, নির্বাচনের আগে উনারা বলেছেন, উনারা আল্লাহর দল। উনারা আপনাদেরকে জান্নাত দিতে পারবে। তারা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে, আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছে।
প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান এবং আকিদার ব্যাপার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগম প্রমুখ।








