হরিনারায়ণপুর মহাশ্মশানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের তদারকি
- Update Time : 04:11:55 pm, Saturday, 26 September 2026
- / 76 Time View
কুষ্টিয়ার হরিনারায়ণপুর মহাশ্মশানে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
ভবিষ্যতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে তদারকি অব্যাহত রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) হরিনারায়ণপুর মহাশ্মশান ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মহাশ্মশান কমিটি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন আর রশীদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মাহমুদুল হক মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পরিচালক হ্যাপি সাহা, কেন্দ্রীয় সদস্য তাপস কুমার সরকার, হরিনারায়ণপুর মহাশ্মশান কমিটির সভাপতি সুবাস কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহা, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রিয়াজ ইসলাম রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান স্বাধীনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় মহাশ্মশানের নিরাপত্তা, পবিত্রতা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের গুজব, উত্তেজনা বা বিরোধে জড়িয়ে না পড়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি মোকাবিলা এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয়রা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় বর্তমানে হরিনারায়ণপুর মহাশ্মশান ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
এসকাগজ/আরডি










