রেললাইনে ‘শুয়ে ছিলেন’ তরুণী, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ
- Update Time : 08:42:00 am, Tuesday, 22 September 2026
- / 5 Time View
জামালপুরে আন্ত নগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার (২৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সেলিম মিয়া ও পারভিন আক্তার দম্পতির মেয়ে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ঢাকাগামী আন্ত নগর অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়।
এ সময় তাহমিনা রেললাইনের ওপর শুয়ে ছিলেন। ট্রেনটি তার কাছাকাছি পৌঁছালে লোকোমাস্টার ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
ব্যাগের ভেতরে থাকা জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার্থী আইডি কার্ডের তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘মরদেহ নিতে তার স্বজনরা আসছেন। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’







