বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক
- Update Time : 03:06:44 pm, Monday, 21 September 2026
- / 2 Time View
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনা প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল ও বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও উইমিংয়ের প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।







