হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি
- Update Time : 03:42:25 am, Monday, 14 September 2026
- / 1 Time View
নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে নিয়মিত ডেথ রেফারেন্স শুনানির জন্য থাকা বেঞ্চের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। চলতি বছরের জুনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বেঞ্চ গঠন করেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে স্ত্রী হত্যার কয়েকটি মামলা, শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা এবং ফেনীর নুসরাত হত্যা মামলাসহ মোট ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বেঞ্চ গঠনের পর থেকে ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুতর ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি।
আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় এ বিধান রয়েছে। মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।
ডেথ রেফারেন্সের সঙ্গে দণ্ডিত আসামির আপিল বা জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করেন।