সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
- Update Time : 11:58:31 am, Sunday, 30 August 2026
- / 14 Time View
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত গাজীপুর ইউনিয়নের সিমটি বিল খাস গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে সোহাগ সীমান্তে গরু চরাতে যায়। সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে ধানের জমিতে পড়ে থাকতে দেখেন।
পরে তারা তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।