৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট
- Update Time : 11:11:35 am, Sunday, 30 August 2026
- / 6 Time View
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য। তাদের পক্ষ থেকে আজ রবিবার এ রিট আবেদন করেন আইনজীবী শিশির মনির।
দেশের বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আবেদনকারী সংসদ সদস্যরা হলেন নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একইভাবে জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। উক্ত রিট মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন।
বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি বলে মন্তব্য করেছেন শিশির মনির।









