রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে মা-শিশু গুলিবিদ্ধ
- Update Time : 04:47:34 pm, Thursday, 27 August 2026
- / 2 Time View
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয় বছর বয়সী এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কুতুপালংয়ের ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুটির নাম ইউসুফ (৬)। তার মা তাহেরার পেটেও গুলি লেগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালুখালী পানবাজার এপিবিএন ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, গোলাগুলির ঘটনায় এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এ গোলাগুলি হয়েছে।
আহত তাহেরা জানান, ঘটনার সময় তার পাশে বসে ছিল ছেলে বাপ্পী। তিনি চাল থেকে ধান আলাদা করছিলেন।
হঠাৎ দুই সশস্ত্র পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে তার ছেলের মাথায় লাগে। একই সময়ে তার পেটেও গুলি লাগে।
পরে মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।










