আশুগঞ্জে ৩৮ মামলার আসামি গ্রেপ্তার, মিলল ইয়াবা-অস্ত্র
- Update Time : 04:28:16 pm, Thursday, 27 August 2026
- / 1 Time View
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. রাসেল (৩৮) আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল সোনারামপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় সোনারামপুরের লা ভিডা হাসপাতালের পেছন থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির সাতটি, দস্যুতার সাতটি, ডাকাতির প্রস্তুতির নয়টি, বিস্ফোরক আইনে পাঁচটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি, অস্ত্র আইনে তিনটি, চুরির দুটি ও হত্যাসংক্রান্ত একটি মামলা রয়েছে।










