গ্রাহকের সুবিধায় নতুন প্রযুক্তির ব্যাংকিং চালু করল ব্র্যাক ব্যাংক
- Update Time : 09:30:21 am, Sunday, 1 November 2026
- / 1 Time View
গ্রাহকদের ব্যাংকিং সেবা আরো সহজ ও নির্বিঘ্ন করতে নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ ব্যবস্থায় গ্রাহক একটি মাধ্যমে ব্যাংকিং সেবার কাজ শুরু করে অন্য মাধ্যমে তা শেষ করতে পারবেন।
ফলে কোনো কাজের মাঝখানে বিরতি পড়লেও পরে আবার শুরু থেকে তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।
রবিবার (১ নছেভম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্যাংকটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সেবা চালু করা হয়। ব্র্যাক ব্যাংকের দাবি, দেশে প্রথমবারের মতো কোনো ব্যাংক এ ধরনের সমন্বিত ওমনিচ্যানেল সেবা চালু করল।
নতুন এ ব্যবস্থায় ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট একই প্ল্যাটফর্মের আওতায় এসেছে।
ফলে গ্রাহক ঘরে বসে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে হিসাব খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। পরে প্রয়োজন অনুযায়ী শাখা, কল সেন্টার বা অন্য কোনো মাধ্যমে সেই কাজ শেষ করা যাবে। আবেদন করার সময় কোনো কারণে কাজ অসম্পূর্ণ থাকলে পরে ঠিক যেখান থেকে থেমেছিলেন, সেখান থেকেই আবার শুরু করা যাবে।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থায় গ্রাহক নিজের সুবিধামতো সেবা নেওয়ার মাধ্যম বেছে নিতে পারবেন।
এতে একই কাজের জন্য বারবার শাখায় যাওয়া বা নতুন করে তথ্য দেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও লেনদেনের ধরন বিবেচনায় ব্যক্তিকেন্দ্রিক সেবাও দেওয়া সম্ভব হবে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও সহায়তা পাওয়ার সুযোগ থাকবে ২৪ ঘণ্টা।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান বলেন, গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নতুন এ ব্যবস্থা ডিজিটাল প্রযুক্তির সুবিধার সঙ্গে মানবিক সেবার সমন্বয় ঘটাবে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিফাত উল্লাহ খান বলেন, প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের আরো সহজ, দ্রুত ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং সেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরো দৃঢ় হবে।
ব্র্যাক ব্যাংকের বর্তমানে ৩১২টি শাখা ও উপশাখা এবং এক হাজারের বেশি এজেন্ট আউটলেট রয়েছে। এ ছাড়া ব্যাংকটির কল সেন্টার, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও সেবা পাওয়া যায়। নতুন ওমনিচ্যানেল ব্যবস্থায় এসব সেবা একসঙ্গে যুক্ত হয়েছে। ব্যাংকটির গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নতুন ব্যবস্থায় বিভিন্ন সেবার জন্য আবেদন করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওমনিচ্যানেল সেবা ব্যবহারের জন্য গ্রাহককে আলাদা কোনো ফি দিতে হবে না। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য বা সেবার জন্য প্রচলিত ফি প্রযোজ্য হবে। স্মার্টফোন না থাকলেও শাখা, এজেন্ট আউটলেট বা কল সেন্টারের মাধ্যমে এ সেবা নেওয়া যাবে।
