শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া
- Update Time : 11:32:49 am, Friday, 16 October 2026
- / 7 Time View
বিনোদন প্রতিবেদক
চুলে ঝুলছে বেলি ফুলের গাজরা, পরনে ঐতিহ্যবাহী শাড়ি আর মুখজুড়ে মিষ্টি হাসি। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো চুলের ফুল ঠিক করতে করতে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। বাজছে পুরোনো দিনের বাংলা গান; ঐতিহ্যবাহী বাঙালি সাজে এভাবেই নতুন এক ভিডিওতে নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বছর ঘুরে আবারও এলো সনাতনী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর), অর্থাৎ ষষ্ঠীর দিনে ভিডিওটি প্রকাশ করলেন অভিনেত্রী। শারদীয় উৎসবের এই আবহে নিজেকে সাজালেন, ভক্তদের মাঝে তুলে ধরলেন রূপের নান্দনিকতা।
ভিডিওটি প্রকাশ করেই শারদীয় শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
তাতে দেখা গেছে, জয়ার পরনে অফহোয়াইট শাড়ি, পাড়জুড়ে গোলাপি রঙের নকশা। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সামঞ্জস্য। ভারী কানের দুল ও হাতে অলংকারের সঙ্গে চুলে বেলি ফুলের গাজরাগুলো যোগ করেছে বাড়তি আকর্ষণ।
ভিডিওর একেক দৃশ্যে জয়ার অভিব্যক্তিও আলাদা। কখনো শাড়ির আঁচল সামলে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, কখনো হালকা হাসিতে তাকাচ্ছেন লেন্সের দিকে। আবার কখনো ফুলের গাজরা হাতে নিয়ে কিংবা চুলের সাজ ঠিক করতে করতে ধরা দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এ দৃশ্য ধারণ করা হয়েছে ভারতের কলকাতায়।
ভিডিওতে জয়া যুক্ত করেছেন পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুরের সঙ্গে জয়ার সাবলীল উপস্থিতি মিলিয়ে এক দারুণ আবহ তৈরি করে; যা ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে বেশ।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকেন জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, কখনো ঐতিহ্যবাহী সাজে নিজের উপস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরেন তিনি।














