প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি
- Update Time : 12:32:31 pm, Wednesday, 14 October 2026
- / 34 Time View
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেমিট্যান্স শুধু লাখো পরিবারের জীবন পরিবর্তন করছে না, দেশের অর্থনীতিতেও শক্তি যোগাচ্ছে। প্রবাসীদের শ্রম, ঘাম, ত্যাগ ও অর্জনকে যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
অভিবাসন ব্যয় কমানো, প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে শ্রমিকবান্ধব ও তৎপর করার ওপর গুরুত্ব দেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে অভিবাসন খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন সম্মাননা দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল অভূতপূর্ব।
জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা প্রমাণ করে, প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া এবং অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমবাজারে বৈচিত্র্য আনতে ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশেও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় মধ্যপ্রাচ্যে খাদ্দামা হিসেবে নারী কর্মী পাঠানোর ভুল নীতি থেকে বেরিয়ে আসতে হবে।
অভিবাসন ব্যবস্থাপনাকে আরো কার্যকর করতে সুদূরপ্রসারী ও সমন্বিত জাতীয় কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন জরুরি।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি ও কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া ভিসা দিয়ে প্রতারণাসহ নানা অভিযোগের বিষয়ে সরকার অবগত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নিয়েছে সরকার।
বিদেশে যেতে জমিজমা বিক্রি করেও চাকরির নিশ্চয়তা না পাওয়ার দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নারী কর্মীদের জন্য হোস্টেল, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রবাসী কর্মীদের পরিবারের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় বহন এবং কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের সংগঠনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও অন্যান্য সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে প্রশিক্ষণ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, বিগত ১৭ বছর দেশকে আমদানিনির্ভর করে রাখতে গভীর ষড়যন্ত্র হয়েছে। তার ভাষ্য, দেশকে আমদানিনির্ভর করে রাখা শুধু লুটপাটের বিষয় ছিল না, এর চেয়েও বড় উদ্দেশ্য ছিল দেশকে পঙ্গু করে দেওয়া।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নীতিমালা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। সরকার প্রবাসী নীতিমালা নিয়ে কাজ করছে উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের কাজ করার আহ্বান জানান তিনি। দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে বিভিন্নভাবে কাজ করায় রামরুকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের মানব ভূগোলের অধ্যাপক ড. নিল অ্যাডজার বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও হুমকি মোকাবেলা করা সম্ভব। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় এ অঞ্চলের দেশগুলোর সম্মিলিত কণ্ঠ অত্যন্ত শক্তিশালী হতে পারে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চলমান ক্ষয়ক্ষতি ও লোকসানের বাস্তবতা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। আগামী দশককে অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার মতে, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন—উভয় বিষয়ই আগামী দশকে সবার অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
অনুষ্ঠানে রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী অভিবাসন খাতের আগামী দশকের নীতিগত অগ্রাধিকার নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়েও অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিকদের অধিকারবিষয়ক সনদের বাস্তবায়ন জোরদার করতে হবে। একই সঙ্গে উন্নত দেশগুলোতে অভিবাসনবিরোধী মনোভাব ও বিদেশিদের প্রতি বিদ্বেষ—জেনোফোবিয়া—প্রতিরোধ করতে হবে। অভিবাসন নিয়ে আলোচনায় মানুষের অধিকার ও মর্যাদাকে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে।












