প্রজনন মৌসুমে ইলিশ না ধরার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর
- Update Time : 02:08:51 pm, Tuesday, 13 October 2026
- / 3 Time View
প্রজনন মৌসুমে জেলেদের ইলিশ না ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে।
এতে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে, পাশাপাশি জেলেদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধাও নিশ্চিত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরের পশ্চিম দাসাদী বড় খান বাড়ির মাঠে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৎস্য অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার সঙ্গে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে।
তাই এ খাতের মানুষের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়েন, সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছেন। তবে সরকারি সহায়তার পাশাপাশি জেলেদের বিকল্প আয়ের উৎস তৈরির উদ্যোগ নিতে হবে।
জেলেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে খাঁচায় ভাসমান মাছ চাষের মতো আধুনিক পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিকল্প পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে নিষেধাজ্ঞার সময়েও আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।
জেলেদের জীবনমান উন্নয়ন ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।
চাঁদপুরের মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইলিশ উৎপাদন ও নদীকেন্দ্রিক অর্থনীতিতে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সম্পদ সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতি উপকৃত হবে এবং জেলেদের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ।









