অতিরিক্ত দামে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
- Update Time : 03:01:21 pm, Tuesday, 13 October 2026
- / 1 Time View
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ব্যবসায়ীদের গোডাউনে মজুদ থাকা বিভিন্ন ধরনের ৫০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে সেই টাকা ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযানে বেড়াপাড়া বাররশিয়া (হায়াত মোড়) এলাকার সার বিক্রেতা মজিবুর রহমানকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার গোডাউনে ২৬ বস্তা সার মজুদ ছিল।
অন্যদিকে, ক্লাবহাট এলাকার ব্যবসায়ী খাইরুল ইসলামকে অতিরিক্ত দামে ও লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তার গোডাউনে ২৪ বস্তা সার মজুদ ছিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, কৃষকদের নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









