টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
- Update Time : 02:11:28 pm, Tuesday, 29 September 2026
- / 4 Time View
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশে একটি টিনশেড বাড়ি থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








