ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- Update Time : 02:38:15 pm, Tuesday, 29 September 2026
- / 2 Time View
ডিবি পুলিশ পরিচয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে দুই ব্যক্তিকে তুলে নেওয়ার পর একজনকে হত্যা করে লাশ ফরিদপুরের বোয়ালমারীতে ফেলে যাওয়ার ঘটনায় করা হত্যা মামলার আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর ক্যাম্পে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে সোমবার বিকেলে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে।
মামলার নথি ও এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম (৩৫) ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এনার্জি পাম্পের পাশে একটি খাবারের হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে করে ৭-৮ জন সেখানে আসে।
তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইব্রাহীম ও হোসেনকে জোর করে গাড়িতে তুলে নেয়।
পরে তাঁদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে পিকআপচালক হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়া হলেও ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
এসআরবির প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, ইব্রাহীমকে অপহরণের পর মারধর ও মালামাল ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাকী রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।
এ ঘটনায় নিহত ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে ঝিনাইদহের পোড়াহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সায়িদুর রহমান জানান, এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্প থেকে মো. মাসুদুর রহমান নামে হত্যা মামলার এক আসামিকে থানায় আনা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।









