বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহবান জাতিসংঘের
- Update Time : 04:11:12 am, Tuesday, 8 September 2026
- / 6 Time View
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর তদারকিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার আহবান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহবান জানান।
তুর্ক বলেন, ‘আমরা বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহবান জানিয়ে আসছি।’
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি ও জবাবদিহির ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল। জাতিসংঘের সুপারিশগুলোতেও জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার আহবান জানানো হয়েছে, যাতে এটি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত চালাতে পারে।
জাতিসংঘের সনদভিত্তিক সংস্থাগুলোর (ট্রিটি বডি) সুপারিশে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সরাসরি তদন্ত করার এখতিয়ার জাতীয় মানবাধিকার কমিশনকে দিতে হবে।