এসআরবি-১২-এর অভিযানে মিলল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, মালিকানা ও ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ
কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার
- Update Time : 03:56:03 pm, Tuesday, 17 November 2026
- / 36 Time View
কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শহরের কুটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক মো. ফারুক হোসেনের পরিত্যক্ত খামারের উত্তর পাশে গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের লোহার দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং একটি সবুজ রঙের লীডবল কার্তুজ পাওয়া যায়।
অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে অস্ত্রটি সেখানে কে বা কারা ফেলে গেছে, কত দিন ধরে এটি ওই স্থানে ছিল এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্রটি ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
জনবহুল শহরের একটি পরিত্যক্ত খামারের পাশে নদীর পাড় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সম্ভাব্য মালিকানা এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
এসআরবি জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অপরাধসংক্রান্ত কোনো তথ্য থাকলে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পকে জানানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।
এসকাগজ/আরডি













