মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগে আট বাংলাদেশি আটক
- Update Time : 10:05:05 am, Wednesday, 28 October 2026
- / 38 Time View
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগে আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা ৩৭ মিনিটে এলাকার তিনটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, এক মাস ধরে গোয়েন্দা নজরদারির পর এ অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে চক্রটি ক্লাং উপত্যকায় বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে অবৈধ অর্থ লেনদেন করত।
অভিযানে ২৪ হাজার ৭২০ রিঙ্গিত নগদ অর্থ, পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, পাঁচটি মুঠোফোন, একটি বহনযোগ্য কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোবাইল আর্থিক হিসাবের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার রিঙ্গিতের বেশি লেনদেন হয়েছে।
আটক বাংলাদেশিদের বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে দুজনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের তথ্য পাওয়া গেছে। বাকি ছয়জনের বিরুদ্ধে অভিবাসন অনুমতির শর্ত অপব্যবহারের সন্দেহ রয়েছে। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য আরও দুই বাংলাদেশি এবং মালয়েশিয়ার এক পুরুষ ও এক নারীকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
এসকাগজ/আরডি











