নোবিপ্রবি অর্থনীতি বিভাগে চালু হলো ‘এলিনর্স কমন্স কর্নার’
- Update Time : 01:25:53 pm, Wednesday, 18 November 2026
- / 121 Time View
সুমাইয়া আক্তার, নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে চালু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘এলিনর্স কমন্স কর্নার’। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই টি-স্টল থেকে প্রাপ্ত আয়ের একটি নির্দিষ্ট অংশ জিনিসপত্র ক্রয়ে এবং বাকি অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় অর্থনীতি বিভাগের উদ্যোগে এ টি-স্টলের উদ্বোধন করা হয়। বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিনতা রানী সেন, মো. ফরিদ দেওয়ান, মো. গোলাম কিবরিয়া ও আফ্রিদা জিন্নুরাইন উর্বী মোঃ সাদ্দাম হোসেন, ফারিয়ান তাহরীম; মাহবুব-কামরুন ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক জাহিদ হোসেন এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম।
মাহবুব-কামরুন ট্রাস্টের পক্ষ থেকে টি-স্টলের জন্য প্রয়োজনীয় চা ও কফি তৈরির মেশিন প্রদান করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক জাহিদ হোসেন। স্টলটি সম্পূর্ণভাবে পরিচালনা করবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এবং এটি রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আফ্রিদা জিনুরাইন উর্বী।
উদ্বোধনী দিনে বিশেষ দর হাঁকিয়ে ( অকশানে) চা-কফি কিনে ফান্ডকে সমৃদ্ধ করেন অতিথিরা ও শিক্ষার্থীরা। এর মধ্যে ২১তম ব্যাচের শিক্ষার্থী ইমরুল হাসনাত হিমেল লেমন টি, ২০তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান অহনা মিল্ক টি এবং অধ্যাপক জাহিদ হোসেন কফি কিনে ফান্ডে অবদান রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মোকাম্মেল করিম তৌফিক বলেন, অর্থনীতি বিভাগ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে বিভাগের নিজস্ব তহবিলের অর্থে এসি, ওভেন ও ফ্রিজের মতো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হলো ‘এলিনর্স কমন্স কর্নার’। আগামী দিনেও এ ধরনের আরও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের উদ্যোগে বা ফান্ড সংগ্রহের মাধ্যমে এ ধরনের কাজ পরিচালনা করে, তবে তাদের সবসময় সরকারের সাহায্যের দিকে চেয়ে থাকতে হবে না।













