নভেম্বরে সাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ
- Update Time : 09:02:26 am, Thursday, 5 November 2026
- / 3 Time View
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মাসজুড়ে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির সভায় মাসিক আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে এ পূর্বাভাস দেওয়া হয়।
এতে বলা হয়েছে, মাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাপমাত্রা নিম্নমুখী হতে পারে।
তবে গড় হিসাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল ও নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকার কথা রয়েছে।
বিভাগীয় হিসাবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার।
বরিশালে ৩০ থেকে ৪০, ঢাকা ও সিলেটে ১৫ থেকে ২৫, খুলনায় ১৫ থেকে ২৫ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুরে বৃষ্টির পরিমাণ সবচেয়ে কম, ৪ থেকে ৮ মিলিমিটার হতে পারে।
এদিকে গত ৯ অক্টোবর দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। এর পর গত মাসে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল।
এর একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।
গত মাসে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ১৭ অক্টোবর। অন্যদিকে ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।




